মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রতিনিধি দলের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করা; পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা; প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া; বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিয়ে পরে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা; পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
এর আগে শিক্ষার্থীরা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের দাবিপত্রে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আর রাখা হয়নি।
মতামত দিন