Views Bangladesh Logo

এসএসসির ফল খারাপ হওয়ায় কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বর না দেওয়ার অভিযোগে সোমবার ফল প্রকাশের পরপরই তাঁকে অবরুদ্ধ করা হয়।

সোমবার সকাল ১০টায় সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক বিদ্যালয়ে গিয়ে কম নম্বর পাওয়ার অভিযোগ তোলেন। একপর্যায়ে তাঁরা প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এসএসসি পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের ওয়াশরুম ভাঙচুর করেছিলেন। এ ঘটনায় প্রধান শিক্ষক ভাঙচুরের ক্ষতিপূরণ হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা জমা দিতে বলেন।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। এমনকি টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বর কীভাবে পাওয়া যায়, তা তিনি দেখে নেবেন বলেও শিক্ষার্থীদের জানিয়েছিলেন বলে দাবি এক শিক্ষার্থীর।

শিক্ষার্থীদের অভিযোগ, ফল প্রকাশের পর তাঁরা দেখতে পান শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় প্রত্যাশিত ২৫ নম্বর দেওয়া হয়নি। এরপরই তাঁরা অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন এবং কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ