সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও তাৎপর্য সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ‘সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।’
তিনি আরও জানান, দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণেই মূলত ব্যবস্থাপনায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। জুলাই স্মৃতি জাদুঘর ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। যার ফলে উদ্বোধনের পরই সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর কিছুটা চাপ তৈরি হয়।
তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।’
মতামত দিন