শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দেশজুড়ে অব্যাহত বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এবং ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তীব্র বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে অনেক শিক্ষার্থীকে বিকল্প পথ ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। অনেকে আগেভাগে ঘর থেকে বের হয়েও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে তীব্র বাধার সম্মুখীন হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি শিক্ষার্থীদের ‘খামারের মুরগি’র সাথে তুলনা করে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অপমানজনক। এই মন্তব্যের বিরুদ্ধেও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আজ রাজধানীর শাহবাগ, মিরপুর এবং রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনস্থল এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন