Views Bangladesh Logo

এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত, বন্যা এবং জলাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামসহ ৫টি জেলা ছাড়া বাকি সব এলাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে এবং সতর্কতার সাথে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামসহ ৫টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী যথানিয়মে অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কারণে সব জেলায় পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও তা বাস্তবসম্মত নয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষাপঞ্জি মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া অভিন্ন প্রশ্নপদ্ধতির কারণে কোনো একটি নির্দিষ্ট বোর্ডের পরিস্থিতি বিবেচনা করে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা সম্ভব নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে বা পরীক্ষা গ্রহণে বড় ধরনের জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। একই সাথে বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ