বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
বাগেরহাটের চিতলমারী উপজেলা এলাকায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক হেলমেট পরে বাড়ির ভেতরে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে তারা আমির হামজাকে ধাওয়া করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে খালের পাড়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি জেলা পুলিশ ছাড়াও সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে