প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক শিক্ষার্থীদের
মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেটে প্রথম আলো ও ডেইলি স্টার নামে দুটি দৈনিক পত্রিকা পোড়াতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একইসঙ্গে পত্রিকা দুটি বয়কটের ডাক দেয় তারা।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাড়াও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি সংবাদপত্র পোড়ানোর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা অনেকে ব্যক্তি উদ্যোগে বয়কটের ডাক দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ’ নামে একটি ফেসবুক গ্রুপে পত্রিকা দুটির বিরুদ্ধে লিখেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকা দুটি এদেশে আওয়ামী শাসকগোষ্ঠী এবং প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দাসংস্থার হীন উদ্দেশ্যেকে অত্যন্ত নগ্নভাবে সমর্থন দান করে চলেছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও তারা গণহত্যার সাফাই গেয়েছে কতগুলো সংবাদ কলামে। অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করে ফ্রন্ট পেইজ ভর্তি ভারতীয় মোটরবাইক 'রয়েল এনফিল্ড' এর বিজ্ঞাপন দিয়ে সংবাদ পরিবেশন করেছে। অন্যদিকে চট্টগ্রামের সংখ্যালঘু ইস্যুতে তারা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করেছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়েও স্যোশাল মিডিয়ায় পত্রিকা দুটির যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনোরূপ পরিবর্তন সাধন করেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।
এ ছাড়াও দ্বিতীয় দিনে (শুক্রবার) একই কারণে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দেয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই দুটি পত্রিকায় আগুন দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ডেইলি স্টার ও প্রথম আলো মেনে নিতে পারেনি। তারা বারবার নেতিবাচক খবর ছড়িয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে। তারা এখনও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচনা করে না।
একই দিনে এই দুটি দৈনিক পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে তারা বিভিন্ন স্লোগান দিয়ে পত্রিকা দুটি পুড়িয়ে বিক্ষোভ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে