ঈদের বাজার করতে গিয়ে দোকানের ছাদ ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫
লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের বাজার করতে গিয়ে দোকানের ছাদ ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহর পুলিশ বক্সের পশ্চিম পাশের সোনাইমুড়ি সড়ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহাদ বিকেলে মায়ের সঙ্গে সোনাইমুড়ি সড়ক সংলগ্ন দোকান থেকে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন। এ সময় মায়েরা কাপড় কিনতে দোকানে গেলে ফাহাদকে সড়কের পাশে অপেক্ষা করতে বলা হয়। তখন আল মুনসুর ড্রাগ হাউজের ছাদ হঠাৎ ধসে পড়ে। ছাদচাপা পড়ে ঘটনাস্থলেই ফাহাদ মারা যান। এতে অন্তত ৪ থেকে ৫ জন পথচারী আহত হন।
ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ছাদচাপা পড়ে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ভবন মালিকের কোনো দোষ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে