চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে সোহানুর রহমান সাহেদ (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরের ভোরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহেদ পদ্মা এক্সপ্রেস ট্রেনে (রাজশাহী-ঢাকা) সিরাজগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে হাসপাতালে অবচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সাহেদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার গোয়ালদার হাকিমপুর গ্রামে। তিনি মো. মোতালেবের ছেলে।
স্থানীয় মিজানুর রহমান জানান, কীভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন তা জানা যায়নি। আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা দিনাজপুর থেকে রওনা হয়েছেন।
তিনি আরও জানান, হাসপাতালে সাহেদের কয়েকজন সহপাঠী এসে চিকিৎসার বিষয়গুলো দেখাশোনা করছেন। আহত হওয়ার পর একবার তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারেননি। পরে আবারও তিনি অবচেতন হয়ে পড়েন। সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ওয়ালীফ হোসেন জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে