রুটিতে শিক্ষার্থীই রেখেছিল ব্লেড: তদন্ত কমিটির দাবি
বরিশালের গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার বহুল আলোচিত ঘটনায় তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটির দাবি, রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি। বরং সংশ্লিষ্ট এক শিক্ষার্থী নিজেই ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে।
বুধবার (২৯ জুলাই) তদন্ত কমিটির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে জমা দেন।
ইউএনও জানান, তদন্তের অংশ হিসেবে রুটি প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করে উৎপাদনের প্রতিটি ধাপ পরীক্ষা করা হয়। মিক্সিং থেকে শুরু করে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের পর তদন্ত কমিটির ধারণা, কারখানা থেকে আস্ত একটি ব্লেড রুটির ভেতরে চলে আসা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়।
এরপর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে ব্যবহৃত ব্লেডও সংগ্রহ করে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, ওই শিক্ষার্থী স্কুলে ব্লেড নিয়ে এসেছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষকদের বকুনির ভয়ে সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে। পরে অন্য এক শিক্ষার্থী ব্লেডটি দেখে ফেললে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে নিজেই শিক্ষিকাকে জানায় যে রুটির মধ্যে ব্লেড পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শ্রেণিশিক্ষক শারমিন জাহান বিষয়টি যাচাই না করেই ব্লেডসহ রুটির ছবি তুলে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে পাঠান। পরে ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ ঘটনায় তথ্য যাচাই না করে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
এর আগে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খানও জানিয়েছিলেন, রুটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তৈরি হয় এবং উৎপাদনের সময় কোনো ধাতব বস্তু প্রবেশ করলে তা মিক্সিংয়েই ভেঙে যাওয়ার কথা। ফলে রুটির মধ্যে অক্ষত ব্লেড থাকার সম্ভাবনা অত্যন্ত কম।
উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটির মধ্যে ব্লেড পাওয়ার দাবি করলে বিষয়টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।
মতামত দিন