Views Bangladesh Logo

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ (১৬) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিরোধ মীমাংসার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক তার ওপর হামলা চালিয়ে লাথি, কিল ও ঘুষি মারেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ