ক্যালকুলেটর চুরির অভিযোগে ছাত্রকে মারধর, পুলিশ হেফাজতে মাদ্রাসাশিক্ষক
গোপালগঞ্জের মুকসুদপুরে ক্যালকুলেটর চুরির অভিযোগ তুলে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে।
আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। সে কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের ছাত্র। অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা উপজেলার কদমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মাদ্রাসার একটি ক্যালকুলেটর হারিয়ে গেলে আহম্মদ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়। পরে শিক্ষক এনামুল তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিক্ষার্থীর বাবা শাওন মোল্লা অভিযোগ করে বলেন, মিথ্যা চুরির অভিযোগ তুলে তার ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসা পরিচালকের ভাই আমিনুল হক। তার দাবি, শিক্ষার্থীকে মারধর করা হয়নি; সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন