জাইমা রহমানের এআই ছবি ছড়ানোর অভিযোগে কলেজশিক্ষার্থী আটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এআই দিয়ে তৈরি জাইমা রহমানের একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুক পোস্টটির সত্যতা যাচাই করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে