গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে: ফখরুল
আসছে নতুন বছরে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।
বার্তায় তিনি খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষে বাংলাদেশ এবং বিশ্ব সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা ও বিকাশে আমাদের আরও সক্রিয় হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নতুন বছরে এটিই আমাদের অঙ্গীকার হোক।
বিদায়ী বছরটি বিভিন্ন ট্র্যাজেডির সাক্ষী হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, অতীতের সাফল্য এবং ব্যর্থতার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের এখন দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।
তিনি নতুন বছরে সাফল্য, সমৃদ্ধি, সৃজনশীলতা ও সমৃদ্ধ কামনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে