Views Bangladesh Logo

হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না—এমন কঠোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িতে বহুস্বরের হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর মতে, অননুমোদিত এসব হর্ন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এছাড়া বিকট শব্দের কারণে অনেক চালক বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত হন, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের অপব্যবহার বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে এ ধরনের হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ