পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না। তবে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন তিনি।
সড়ক-মহাসড়কে পশু পরিবহনে হয়রানি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
পশুর হাটকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও যানজট নিরসনে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি জানান, পশু আনার সময় সড়কে যাতে যানযট না হয় সেজন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। রেললাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না।
অনুমোদিত সীমানার বাইরে হাট বসানো নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না। হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না।
হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মীর শাহে আলম বলেন, হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব থাকবে। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে।
তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে