Views Bangladesh Logo

ঈদযাত্রায় অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে আগামী তিন দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে পারে, যা সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে সরকারের বিদ্যমান সক্ষমতা দিয়েই এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চলছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিকভাবে ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত সব বাস নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় দেখা যায়নি। যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।

মন্ত্রী আরও জানান, বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং জোরদার করা হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেন, সেখানে এখন ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

এ সময় তিনি জানান, ঈদের আগে ও পরে মোট ১২ দিন দেশের পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ