Views Bangladesh Logo

২৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখায় প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকা এক বাংলাদেশি বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

আজ সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ১০৮২-এর কাছ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া ব্যক্তির নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে ওই বৃদ্ধ শূন্যরেখায় আটকে ছিলেন। সেখানে অবস্থানকালে তিনি নিজের সম্পর্কে কিছু তথ্য দেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে তার পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তিনি বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে গত বুধবার ওই বৃদ্ধকে বাংলাদেশে আনা নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দিনভর উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে কঠোর ও সতর্ক অবস্থানে ছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, ‘সীমান্ত থেকে এক বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বিজিবি। তার স্বজনরা ইতিমধ্যেই রাজশাহী থেকে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ