Views Bangladesh Logo

দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা সংকেত

 VB  Desk

ভিবি ডেস্ক

দক্ষিণাঞ্চলের ছয় জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত জারির নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের রোববার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে।

ফলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই সব এলাকার নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।

একই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে জানা যায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

টানা বৃষ্টির কারণে সারা দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ