তাপপ্রবাহ কমতে পারে, ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হলেও আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাত কমেছে। এর সঙ্গে তাপমাত্রা বাড়ায় দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হয়েছে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আজ প্রশমিত হতে পারে। রাজধানী ঢাকাতেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বেলা ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায়। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে।
মতামত দিন