ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ৫ জেলার নদীবন্দরে ১ নম্বর সংকেত
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মতামত দিন