ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, জলাবদ্ধতার আশঙ্কা
দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণে বেশ কয়েকটি বিভাগে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, পূর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পার্বত্য এলাকার অধিকাংশ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দুই থেকে চার দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি স্থানে সাময়িকভাবে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ এক থেকে তিন দফা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি জানায়, আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকায় যেকোনো সময় হঠাৎ বৃষ্টি নামার ঝুঁকি রয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা রোদে সম্পন্ন করতে হয় এমন সব কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বৃষ্টির প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
মতামত দিন