Views Bangladesh Logo

১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনায় ১৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি এবং সাত বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সোমবার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে সংস্থাটি জানিয়েছে, দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ