ঢাকাসহ একাধিক জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২২ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এছাড়া আষাঢ়ের বর্ষা মৌসুমে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
বুধবার (২৪ জুন) পর্যন্তও রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মতামত দিন