‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করুন: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশটির মাটিকে ‘শেখ হাসিনার বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে’র জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে ভারতকে ‘হাসিনা কার্ড খেলা বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে বাংলাদেশবিরোধী বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে—এ দুটি অবস্থান পরস্পরবিরোধী। বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত।
জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এই পরিবর্তন এসেছে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করা এবং সংসদের উচ্চ ও নিম্নকক্ষের মধ্যে কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অপরিপক্বতার অজুহাতে উসকানিমূলক বক্তব্য দেওয়া উচিত নয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘ফাঁদে ফেলার’ চেষ্টা চলছে দাবি করে তাদের ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। পরে তাদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
মতামত দিন