আন্দোলন দমনে বুলেট ব্যবহার বন্ধ করুন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি দমনে বুলেটের ব্যবহার চিরতরে বন্ধ করতে হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি বলেন, ‘শেখ হাসিনা পুলিশ দিয়ে ও গুলি চালিয়ে এদেশের মানুষকে হত্যা করেছেন এবং এটা আর কখনো ঘটবে না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন রিজভী এবং তিনি বাংলাদেশে তার ‘বর্বর শাসন’ পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া বলে অভিযোগ করেন।
‘আমাদের অবশ্যই দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার মতো এমন বর্বর শাসন কখনোই এদেশে ফিরিয়ে আনা উচিত নয়’- বলেন তিনি।
রিজভী বলেন, ‘কিছু উপদেষ্টা সরকারের সমালোচনা করলে বিরক্ত হয়ে বিরূপ মন্তব্য করেন। যদি তারা সমালোচনা সহ্য করতে না পারেন তবে তাদের উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল গঠন করা উচিত।’
‘বাজার সিন্ডিকেট এখনো সক্রিয় এবং এটি প্রতিরোধে সরকারের আন্তরিকতা দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং চুরি, ছিনতাই, খুন বেড়েছে’- বলেন এই বিএনপি নেতা।
এ সময় ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে