কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে যাত্রী আহত
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে গেলে পাথর ও ভাঙা কাচের আঘাতে ওই যাত্রীর মাথা ফেটে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
শনিবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর চট্টগ্রামের বোয়ালখালী এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে বলে ট্রেনে থাকা এক যাত্রী জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ওই যাত্রী জানান, দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। চলন্ত অবস্থায় হঠাৎ বাইরে থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে নন-এসি ‘ক’ নম্বর বগির একটি জানালার কাচ ভেঙে যায়। জানালার পাশে থাকা এক যাত্রীর মাথায় পাথর ও ভাঙা কাচের আঘাত লাগে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রেনের ভেতরে মাইকে ঘোষণা দেওয়া হয়। পাথর নিক্ষেপের ঘটনায় একজন যাত্রী আহত হয়েছেন জানিয়ে ট্রেনে কোনো চিকিৎসক থাকলে তাকে সহযোগিতা করার অনুরোধ করা হয়। পরে আহত যাত্রীকে চিকিৎসার জন্য বোয়ালখালী এলাকায় নামিয়ে দেওয়া হয়।
আহত যাত্রীর মাথায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটি ছবিও পাওয়া গেছে। এতে তার মাথার পাশে রক্তের দাগ এবং আহত স্থানে তুলা দিয়ে চিকিৎসা দেওয়ার চিত্র দেখা যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য পাওয়ার কথা জানাননি।
পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, শনিবার এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।
বোয়ালখালীর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্যও বলেন, তার কাছেও এ ধরনের ঘটনার কোনো তথ্য আসেনি।
চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নেছার উল্লাহ বলেন, তাদের এলাকায় এ ধরনের ঘটনা তুলনামূলক কম ঘটে। মূলত লোহাগাড়া, চকরিয়া ও হারবাং এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন যাত্রীরা। জানালার কাচ ভেদ করে পাথর ট্রেনের ভেতরে ঢুকলে যাত্রীদের মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগতে পারে। এমনকি চালক বা ট্রেনের গুরুত্বপূর্ণ কর্মীরা আহত হলে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।
যাত্রীদের নিরাপত্তায় রেলপথের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা
মতামত দিন