Views Bangladesh Logo

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহকে স্মরণ করলেন শাবনূর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দেন তিনি।

শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’

সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার স্মৃতি নিজের হৃদয়ে এখনো অমলিন হয়ে আছে বলে জানান শাবনূর। তার ভাষায়, পর্দার সেই প্রিয় রাজপুত্র ও দর্শকের স্বপ্নের নায়ক আজও স্মৃতি আর ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন।

শাবনূর আরও লিখেছেন, সালমান শাহর অকালপ্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা তিন দশক পরও পূরণ হয়নি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলেছে, বদলেছে চলচ্চিত্রের ভাষা ও দর্শকের রুচি; কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনো অটুট।

সালমানকে স্মরণ করে শাবনূর লিখেছেন, তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু সে সময় পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের স্তব্ধ করে দিয়েছিল। মৃত্যুর তিন দশক পরও দর্শকের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি এই অভিনেতার জন্য।

মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ও ‘আনন্দ অশ্রু’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন দর্শকের স্বপ্নের নায়ক।

তার অভিনয়ের পাশাপাশি পোশাক-পরিচ্ছদ, মাথার ব্যান্ডেনা, চোখের সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসিও হয়ে উঠেছিল আলাদা এক পরিচয়ের অংশ। তিন দশক পেরিয়ে গেলেও নতুন প্রজন্মের কাছেও এসব অনুষঙ্গ এখনো সমান আকর্ষণের। তাই সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও দর্শকের ভালোবাসায় সালমান শাহ আজও অমলিন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ