রোববার থেকে পলিব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
পলিথিন শপিং ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজধানীতে অভিযান চলছে। রোববার (৩ নভেম্বর) পলিব্যাগ উৎপাদকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
পরিবেশ মন্ত্রণালয়ের পর্যবেক্ষকদল শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশেপাশের কয়েকটি সুপার মার্কেট পরিদর্শন করেন। বাজারে নিষেধাজ্ঞা বাস্তবায়ন তদারকিতে ওই কমিটি গঠন করে মন্ত্রণালয়টি।
কমিটির সদস্যরা পরিবেশ রক্ষায় ক্রেতাদের পলিথিনের বদলে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
ভবিষ্যতে পরিদর্শনের সময় পলিথিন ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে বিক্রেতাদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করতেও বলেন কমিটির সদস্যরা।
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) এবং মনিটরিং টিমের প্রধান তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন ব্যাগ প্রস্তুতকারীদের বিরুদ্ধে ৩ নভেম্বর থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সব জেলা প্রশাসক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সাপ্তাহিক ছুটির কারণে ১ ও ২ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করা হলেও মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মনিটরিং টিমের প্রধান পলিথিন ব্যাগ নির্মূলে জনসাধারণকে সহযোগিতারও আহ্বান জানান।
এ সময় ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম ও মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে