যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার সংসদে জামালপুর-২ আসনের সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মর্মান্তিক এ ঘটনার পর থেকেই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সক্রিয়ভাবে কাজ করছে। তারা নিহতদের পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি সরকারের বিশেষ তদারকিতে রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দূতাবাসগুলোকে প্রবাসীদের জন্য আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিশেষ করে যুদ্ধকবলিত মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা বাংলাদেশিদের উদ্ধার, নিরাপদ আশ্রয় এবং দেশে ফেরাতে কনস্যুলার সহায়তা জোরদার করা হয়েছে।
এছাড়া, বিশ্বের যেকোনো স্থানে বাংলাদেশিদের বিরুদ্ধে সহিংসতা বা নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দূতাবাসগুলোকে দেওয়া হয়েছে।
প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলেও আশ্বস্ত করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে