আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কীভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় আমরা মূলত তা নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আরও কিছু পদক্ষেপ আমরা নেবো।"
তিনি বলেন, "আপনারা জানেন সব অবৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হবে। অস্ত্র উদ্ধারে আজ রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।"
উপদেষ্টা মাদক নিয়ন্ত্রণের ওপরও জোর দেন। বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। যাতে এটি নিয়ন্ত্রণে আসে এবং মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে পারি।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে