Views Bangladesh Logo

সকলকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান ড. ইউনূসের

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার পতনের পর বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত এবং সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেন তিনি।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি।’

এই নোবেলজয়ী বলেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না।’

তিনি আরও বলেন, ‘সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।’

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে সম্মিলিত এ সিদ্ধান্ত নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ