Views Bangladesh Logo

শিশু ধর্ষণ ঠেকাতে ব্যর্থ রাষ্ট্র সিনেমা বন্ধে মদদ দেয় কেন: প্রশ্ন রুমিন ফারহানার

যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও যৌন নিপীড়ন ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শনী বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা বন্ধ করে দেওয়া হলো। অথচ যে রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণ থেকে বাঁচাতে পারে না, দুর্নীতি ও ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

মানববন্ধনে রুমিন ফারহানা আরও বলেন, ‘আমরা গত দুই বছরে দেখেছি একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে মরদেহ পোড়ানো হয়েছে; দেখেছি উগ্রবাদের উত্থান। কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না! এ দেশে সকালবেলা যেমন কোরআন তিলাওয়াত শুনেছি, তেমনি বিকেলবেলা ছোট ছোট বাচ্চারা হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করেছে। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?’

তিনি আরও বলেন, ‘যে রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারেনি, ছোট ছোট শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেনি, সেই রাষ্ট্র কী করে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদদ দিচ্ছে?’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতিকার জাবেদ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্জয় মাহমুদ।

সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে গত ৩০ মে জেলা শহরে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। একই রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয় বলেও অভিযোগ ওঠে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ