Views Bangladesh Logo

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। এমন মন্তব্যের জন্য তাঁর বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যের পেছনে এক সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। ওই পরামর্শের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।

বুধবার এক বিবৃতিতে টিআইবি এ প্রতিক্রিয়া জানায়। গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কেন থাকবে? প্রতিমন্ত্রী কি উপহার গ্রহণের কথা বলে ঘুষকে বৈধতা দিচ্ছেন, নাকি প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহিত করছেন?

তিনি বলেন, যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে। নতুন করে চিন্তা করার নামে প্রতিমন্ত্রী সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের আরও বিকাশ ও সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন তিনি। প্রতিমন্ত্রীর এ বক্তব্য সরকারের অবস্থান কিনা, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।

তিনি বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।

অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা হতে পারে। তবে এ দুই সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টি তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তাঁর নিরপেক্ষতা বজায় থাকবে কীভাবে? এ ধরনের লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন হতে পারে। ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের চর্চা অন্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়তে পারে। সেবা দেওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় স্বাভাবিকতায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। আজ যে উপহার স্বেচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কাল তা নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের সর্বব্যাপী চর্চায় পরিণত হতে পারে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কিনা, এমন প্রশ্ন ওঠাও স্বাভাবিক। এ ধরনের অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মঘাতী। একই সঙ্গে তা সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে উল্লেখ করার বক্তব্যের কথাও সরকারকে স্মরণ করিয়ে দেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত, তা সরকারকে বুঝতে হবে।

বিবৃতিতে টিআইবি ঠিকাদারের উপহার নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে তাঁর জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি। বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে টিআইবি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ