Views Bangladesh Logo

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, অল্পের জন্য রক্ষা

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে গেছে। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন।

ওসি বলেন, বৃদ্ধাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ