Views Bangladesh Logo

বাংলাদেশিদের জন্য ব্রুনাইয়ের শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশি কর্মীদের জন্য ব্রুনাই দারুসসালামের শ্রমবাজার আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (২৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, এতে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

তিনি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান।

এ ছাড়া ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের বাজার সম্প্রসারণের অনুরোধ জানান শামা ওবায়েদ।

ব্রুনাইয়ের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-ব্রুনাই বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রুনাইয়ের চেম্বার অব কমার্স, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের নিয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ