Views Bangladesh Logo

লংমার্চের নামে জ্বালানি অপচয় না করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটা সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে খোকসা থানা পরিদর্শন ও গার্ড অব অনার গ্রহণ করেন প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, আমি মনে করি, ওই লংমার্চ কর্মসূচিটা অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। তারা প্রথম দিকে বলেছিল, লংমার্চ হবে জ্বালানি সংকটের কারণে। অথচ এই লংমার্চ করতে গিয়ে হিসাব বলছে, প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল তারা পোড়াবে। এর পরে তারা বলল, এখন সেটা গণরায় বাস্তবায়ন করতে গিয়ে।

দ্বিতীয় শপথের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন শপথ নিয়েছি, আমিও তো ছিলাম। ইনফ্যাক্ট, আমার একটু দেরি হয়ে যাওয়াতে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে শপথ গ্রহণ করি। প্রথমে আমরা সংবিধান ও আইন অনুযায়ী এমপি হিসেবে যে শপথ বাক্য পাঠ করি, সেখানে একটি কাগজে সই করি। পরবর্তীতে আরেকটি কাগজ ধরিয়ে দেওয়া হয়, সেটা নীল বা সবুজ রঙের ছিল, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও অবৈধ।

বিরোধী দলের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত সেখানে অংশ নিচ্ছে না। অন্যদিকে লংমার্চের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করছে এবং জ্বালানি সংকটের সময় অযথা জ্বালানি পোড়াচ্ছে। সরকারের সফলতা বা ব্যর্থতা মূল্যায়নের আগে বিরোধী দল হিসেবে গত ছয় মাসে তারা কতটা সফল হয়েছে, সেটিও পর্যালোচনা করা উচিত।

শনিবার সকালে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা ছিল।

এ সময় কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ