Views Bangladesh Logo

সিঙ্গাপুরে যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র সিঙ্গাপুর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি উন্নয়নের বড় সুযোগ তৈরি করতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজারে সুযোগ বাড়ানো এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ওষুধ, শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাবও দেন তিনি।

বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন পণ্যের জন্য সিঙ্গাপুরের বাজারে সম্ভাবনা রয়েছে। এ জন্য গবেষণা, নতুন পণ্য উদ্ভাবন এবং নীতিগত সহায়তা প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীরা বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সভায় বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন, সিঙ্গাপুরে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী আয়োজন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সেবা এবং ব্যবসায়িক কর্মশালা ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তাব আসে। ব্যবসায়ীরা মনে করেন, এফটিএ হলে ইস্পাত, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারসহ বিভিন্ন খাতের বাংলাদেশি প্রতিষ্ঠান সিঙ্গাপুরের বাজারে আরও প্রতিযোগিতামূলকভাবে প্রবেশের সুযোগ পেতে পারে।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ অভিবাসন ব্যয় ও কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়মের বিষয়ও তুলে ধরেন প্রবাসীরা। দক্ষ জনশক্তির জন্য আইটি, সাইবার নিরাপত্তা, ডাটা বিশ্লেষণ, এআই, চিকিৎসা, প্রকৌশল ও বয়স্কদের সেবার মতো খাতে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর দাবি জানান তারা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং সভায় পাওয়া প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ