Views Bangladesh Logo

কুকুর-কুমির ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির নির্দেশ দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে আসেননি। এ ঘটনায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি দৃষ্টিগোচর হলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'বাগেরহাটের ঘটনাটি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আমি মর্মাহত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।'

তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ