Views Bangladesh Logo

ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রকে আইনের আওতায় আনার নির্দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহত ও জীবিতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। একই সঙ্গে এই মানবপাচার চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) এ কথা জানান।

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশের সুনামগঞ্জের ১০ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, মানবপাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র লিবিয়া ও বাংলাদেশ—উভয় দেশেই সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ পথে পাঠায়। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকরা থাকলেও বাংলাদেশিদের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও ছিল বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী জানান, নৌকায় থাকা যাত্রীদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও বর্তমান অবস্থা জানার জন্য দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে তথ্য সংগ্রহ ও পরবর্তী পদক্ষেপ নিতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীরা ধারণা করেন, স্বল্প সময়েই তারা গন্তব্যে পৌঁছাবেন। কিন্তু বাস্তবে কয়েকদিন সাগরে ভাসতে হয়, যেখানে পর্যাপ্ত খাবার ও পানির অভাব দেখা দেয়। এতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয় এবং মৃত্যুর ঘটনাও ঘটে। এমনকি কিছু ক্ষেত্রে মৃতদেহ সাগরে ফেলে দেওয়ার মতো নিষ্ঠুর ঘটনাও ঘটে।

সরকার এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আন্তর্জাতিক ও দেশীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। দীর্ঘমেয়াদে এ ধরনের মানবপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ