সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৪ রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।’
দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ থেকে পবিত্র মক্কার উদ্দেশে যাত্রা করার পর এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বলে জানা গেছে।
নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল গুরুতর আহত হন। তারা সৌদি আরবের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন