লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলায়মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তার জন্য লিবিয়ান কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প ও জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত সুলায়মান জ্বালানি ও জনশক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত বৈঠক ও উচ্চ পর্যায়ের সফর বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে লিবিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে