হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা
সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসে কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতির মুখে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হলেও কার্যালয়টি ছিল তালাবদ্ধ। কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারীকেও সেখানে পাওয়া যায়নি।
প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনো কোনো কর্মকর্তা উপস্থিত হননি।
অফিস কক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী বলেন, এটা র্যান্ডম সিলেক্টেড অফিস। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের আকস্মিক পরিদর্শন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯টা ১০ বাজে, কেউ আসেননি। যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।
দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান ও পেন্ডিং কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর আছে, সেটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলব। আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যে ব্যবস্থা আছে তা গ্রহণ করা হবে।
তিনি জানান, সারাদেশে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে