Views Bangladesh Logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী। আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাঁর শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকারের সব কার্যক্রম সংবিধান ও প্রচলিত আইন মেনেই পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা করা হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, কোনো ভুক্তভোগীর নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এ সময় আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের আইনি সহায়তা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ