Views Bangladesh Logo

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের চলমান সম্পর্ক, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে চীনের প্রতি কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে চীনের দীর্ঘদিনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা তুলে ধরেন তিনি।

আলোচনায় বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএমইসি), চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। নারীর ক্ষমতায়ন নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান ইয়াও ওয়েন। শামা ওবায়েদ এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে উদ্যোগটির প্রশংসা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ