চট্টগ্রাম অঞ্চলের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার। এ দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের ত্রাণ মজুত এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও পরামর্শ দেবেন প্রতিমন্ত্রী অমিত। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত করা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দায়িত্ব পালনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।
মতামত দিন