রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা। তিনি জানান, এখনও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন হলে মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়।
ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ এই আইনজীবী এখন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় সোহেল রানাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।
চলতি মাসের ৭ জুন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে অপরাধের ভয়াবহতা ও নৃশংসতা বিবেচনায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। পরবর্তীতে তারা কারাগার থেকেই রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন। বর্তমানে মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির প্রস্তুতি চলছে।
মতামত দিন