ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধের জন্য বাংলাদেশে আসছে স্টারলিংক: প্রেস সচিব
ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করা মূল কারণ হচ্ছে অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ কথা জানান।
ওই ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাঁদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান।
তিনি আরও বলেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো, ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেনপক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না।
ইতোমধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। গত বৃস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) ওই ভার্চুয়াল বৈঠকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে তাদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে