Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ডারউইনের পর ম্যাকাইয়ে ভালো ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা হলো একেবারেই বিপর্যয়কর। দলীয় স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান ওপরের সারির পাঁচ ব্যাটার। আর এই অবিশ্বাস্য ধস নামান অজি পেস তারকা মিচেল স্টার্ক। একাই তুলে নেন পাঁচ-পাঁচটি উইকেট।

ইনিংসের একদম প্রথম বলেই ওপেনার সাদমান ইসলামকে শূন্য রানে বিদায় করে তাণ্ডবের সূচনা করেন স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে একে একে প্যাভিলিয়নে পাঠিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন। ক্যারিয়ারের এই অভাবনীয় স্পেলে মাত্র ২২ বল খরচ করে ৫ উইকেট শিকার করে টেস্ট ইতিহাসের দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে নাম লেখালেন এই বাঁহাতি পেসার।

অবশ্য টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ফাইফারের বিশ্বরেকর্ডটি আগেই নিজের দখলে রেখেছিলেন স্টার্ক। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ১৯ বলে ফাইফার নেওয়া আর্নেস্ট টশাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের নাম। এরপর ২১ বলে ৫ উইকেট নেওয়া শেন ওয়াটসনের পেছনে থেকেই ২২ বলে রেকর্ড গড়ে তালিকায় নতুন করে যুক্ত হলেন স্টার্ক।

বাংলাদেশের বিপক্ষে এই বোলিং তাণ্ডবে স্টার্ক খরচ করেছেন মাত্র ৪ রান। সাজঘরে ফেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল মুমিনুল হকই রানের খাতা খুলতে পেরেছিলেন, বাকিরা সবাই আউট হয়েছেন শূন্য রানে। এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড টপকে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নিয়ে চূড়ায় অবস্থান করছেন ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ