উড়ো চিঠিতে বাতিল হলো নাটকের প্রদর্শনী, নাট্যকর্মীদের অবস্থান কর্মসূচি
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে রোববার (১৩ এপ্রিল) ও আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) দুইদিনব্যাপী ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনের কথা ছিল। ‘তৌহিদী জনতার’ উড়ো চিঠির কারণে নাটকের প্রদর্শনী বাতিল করা হয়েছে।
এদিকে নাটক বন্ধের প্রতিবাদে আজ বিকেল সাড়ে পাঁচটায় মহিলা সমিতির সামনে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেছে।
হুমকির ওই চিঠিতে বলা হয়, এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে এর দায় ‘তৌহিদি জনতা’ নেবে না। আর ওই চিঠি পেয়ে ‘নিরাপত্তার’ কথা বিবেচনায় প্রাঙ্গণেমোরকে দেয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয় মহিলা সমিতি কর্তৃপক্ষ।
‘শেষের কবিতা’ নাটকের নির্দেশক নূনা আফরোজ বলেন, আমরা সব রকম প্রস্তুতি শেষ করে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিলাম। সকালে আমাদের জানানো হলো, মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। ‘তৌহিদী জনতা’ নাকি হুমকি দিয়েছে।
হুমকির ওই চিঠিতে বলা হয়েছে, নাটকটির প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা’ নেবে না। এর প্রেক্ষিতে ‘নিরাপত্তার’ কথা বিবেচনায় নিয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে দেয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা গণমাধ্যমকে জানান, মহিলা সমিতির নিরাপত্তার কথা ভেবে প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আমাদের কাছে একটা চিঠি এসেছে ‘তৌহিদী জনতা’ নামে। তবে এই বিষয়টি পুলিশকে জানানো হয়নি। মহিলা সমিতি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই বরাদ্দ বাতিল করেছে।
নাটক মঞ্চস্থ করার সকল প্রস্তুতি শেষে এমন সংবাদ পেয়ে রোববার সকালে নূনা আফরোজ ফেসবুক পোস্টে লিখেছেন, সংস্কৃতি অঙ্গন ও দেশের সচেতন মানুষেরা বলুন, কী করব? এমনই চলতে থাকবে?
এদিকে আকস্মিক মিলনায়তন বরাদ্দ বাতিলের প্রতিবাদ জানাতে আজ বিকেল ৫টায় মহিলা সমিতির সামনে শেষের কবিতা নাটকের পোশাক পরে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে প্রাঙ্গণেমোরের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি প্রাঙ্গণেমোর এর ষষ্ঠ প্রযোজনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে